
ফাইল ছবি
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য ঢাকা মহানগরীতে বিশেষ বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি এই আদেশ জারি করে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকায় সব ধরণের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বড়দিনের অনুষ্ঠান চলাকালীন কোনো ধরণের বিশৃঙ্খলা বা দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।
ডিএমপি জানায়, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত হবে। এই পবিত্র উৎসবের ভাবগাম্ভীর্য বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নগরবাসীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
একইসাথে বড়দিনের সকল আয়োজন যেন নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেজন্য ডিএমপি কমিশনার সম্মানিত নগরবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।










































