
ফাইল ছবি
আগামী ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। এদিন সকাল ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ইপিবি জানিয়েছে, এবারের মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মেলায় ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের স্টল থাকার কথা রয়েছে। সব মিলিয়ে ছোট-বড় ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য:
টিকিট: দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং ব্যবস্থা থাকছে এবং টিকিটের মূল্য গতবারের মতোই ৫০ টাকা রাখা হয়েছে।
বিনোদন: শিশুদের জন্য মেলা প্রাঙ্গণে দুটি শিশুপার্ক থাকছে।
নাম পরিবর্তন: মেলা থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও, বিদেশি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় তা বাতিল করা হয়েছে। ফলে মেলাটি আগের নামেই অর্থাৎ ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ হিসেবেই আয়োজিত হচ্ছে।
মেলার সার্বিক প্রস্তুতি ও বিস্তারিত তথ্য জানাতে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় এক্সিবিশন সেন্টারে এক সংবাদ সম্মেলন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।










































