মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩১ অপরাহ্ন
শেয়ার

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা


gold

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। দেশের ইতিহাসে এর আগে কখনো এত দামে সোনা বিক্রি হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম সমন্বয় করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বেড়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ২২ ক্যারেটের রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম চার হাজার ৯৫৭ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৭৩২ টাকা।