
শীত যেন জেঁকে বসেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলার মতোই নেমে চলেছে শহটির তাপমাত্রার পারদও। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা। দুপুরের দেখা নেই সূর্যের। দেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
কুয়াশার কারণে শীত একটু বেশি অনুভূত হচ্ছে বলে জানাচ্ছেন রাজধানীবাসী। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের ২য় সপ্তাহে ঘর থেকে বের হয়ে আচমকা হিম বাতাসের ধাক্কা। রোববার সকাল থেকে আবারও কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। সকালে স্কুল, কলেজ, অফিসগামী অনেকেই পড়েন বিপাকে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা কাটতে সময় লাগবে, যা থাকবে আরও তিন থেকে চার দিন।
হঠাৎ আবহাওয়ার এমন ছন্দপতনে ছন্দ হারিয়েছে নগরজীবন। বৈরি এ আবহাওয়ার খানিকটা বিপর্যস্ত খেটে খাওয়া সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।










































