শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু


jogonnath-universit

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ দুই দশক পর আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনা এই নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোট শুরুর আগে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার বিতরণ করা হয়েছে। ভোট গ্রহণের পর ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত এবং স্বচ্ছভাবে গণনা করা হবে।

সোমবার ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, একাডেমিক ভবন, মিলনায়তন এবং ছাত্র হলগুলোতে বুথ স্থাপন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ছাত্রীদের জন্য নির্ধারিত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শহীদ সাজিদ ভবনের নিচতলায় ১২টি এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় ৪৮টি বুথ বসানো হয়েছে।

এছাড়া সামাজিকবিজ্ঞান, কলা, বিজ্ঞান ও মনোবিজ্ঞান ভবন এবং বজলুর রহমান মিলনায়তনে বিভাগের ভিত্তিতে ভোটারদের জন্য বুথ স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে মার্কেটিং বিভাগের জন্য ৬টি বুথ রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা এবং লাইভ ভোট গণনার ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলি বলেন, “ছোট ক্যাম্পাসে প্রায় ১৬ হাজার ৬৪৯ ভোটারকে সামলানো চ্যালেঞ্জিং হলেও আমরা আশা করছি ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।” তিনি জানান, ভোটের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থাকবে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিট। শুধুমাত্র অনুমোদিত ভোটার ও নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং পরিচয়পত্র বাধ্যতামূলক।

প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

মোট ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৪৭৯, যা ৫০.৯২ শতাংশ। শিক্ষার্থীদের মতে, আবাসন সমস্যা, নিরাপদ পানি, খাবারের মান ও নিরাপত্তা—এই চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক ছাত্রী বললেন, “৬০০ সিটের হলে ১২০০ শিক্ষার্থী থাকেন। তাই যারা সমাধান দিতে পারবে, তাদেরই ভোট দেব।”

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, দ্রুত ও স্বচ্ছ ভোট গণনার জন্য ছয়টি মেশিন ব্যবহার করা হচ্ছে। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ভোট কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনটি ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের এলাকায়, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ ভোট গণনার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রায় ৩০ জন প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনের ‘মক টেস্ট’ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, অতিরিক্ত কোনো ব্যালট ছাপানো হয়নি।