
আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওই দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের।
তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন স্থগিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানায়, শোকের সময়সূচি বিবেচনায় নিয়ে উদ্বোধন অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। মেলা কবে থেকে শুরু হবে—সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ৩ জানুয়ারি উদ্বোধনের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এর আগে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, ১ জানুয়ারি মেলা শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন ছিল।











































