
টানা দুই দিন স্থগিত থাকার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবারও গড়িয়েছে বিপিএলের বল। তবে খেলা শুরুর আগে পুরো স্টেডিয়ামে বিরাজ করছিল এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েই আজ মাঠে নামে বিপিএল এর দলগুলো।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বিশাল জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে বেগম খালেদা জিয়ার ছবি, যার পাশে বড় অক্ষরে লেখা ছিল ‘আমরা শোকাহত’। দুই দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা মাঠে প্রবেশ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁর সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় অনেক ক্রিকেটারকে হাত তুলে মোনাজাত করতেও দেখা যায়। এর আগে গতকাল সিলেটে ক্রিকেটার ও কোচিং স্টাফরা তাঁর জন্য গায়েবানা জানাজাও আদায় করেছিলেন।
শোকের আবহের মাঝেই শুরু হয় মাঠের লড়াই। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও নরম উইকেটের সুবিধা নিয়ে শুরুর ৫-৬ ওভারে ব্যাটারদের চাপে রাখতে চান তিনি। অন্যদিকে সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ভালো একটি স্কোর গড়ে জয়ের ব্যাপারে আশাবাদী।
আজকের ম্যাচে দুই দলেই এসেছে পরিবর্তন। ঢাকা ক্যাপিটালস দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সবচেয়ে বড় খবর হলো, এই আসরে প্রথমবারের মতো মাঠে নামছেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। এছাড়া জিয়াউর রহমান শরিফির পরিবর্তে সুযোগ পেয়েছেন জুবাইর আকবরী। অন্যদিকে সিলেট টাইটান্স একাদশে একটি পরিবর্তন এনেছে; পাকিস্তানি পেসার সালমান ইরশাদের জায়গায় খেলছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।
ঢাকা ক্যাপিটালস টিমে রয়েছে মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, উসমান খান, জুবাইর আকবরী, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও সালমান মির্জা।
সিলেট টাইটান্স টিমে রয়েছে মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইম আইয়ুব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, রনি তালুকদার, জাকির হাসান, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিপিএলের ১ ও ২ জানুয়ারির (মঙ্গলবার ও বুধবার) ম্যাচগুলো স্থগিত করা হয়েছিল, যা আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।










































