মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ জানুয়ারি ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
শেয়ার

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে


remittance

ফাইল ছবি

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্যবিদায়ি মাস ডিসেম্বরে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি এবং গত বছরের একই মাসে পাওয়া ২৬৪ কোটি ডলারের চেয়ে প্রায় **৫৯ কোটি ডলার বেশি। উল্লেখ্য, নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার।

ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে সবচেয়ে বেশি—২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার, আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসওয়ারি রেমিট্যান্স ছিল—জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।