মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ জানুয়ারি ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার

দেশে সোনার দাম ভরিতে কমলো ১৪৫৮ টাকা


gold

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমার কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল ঘোষণা দিয়ে আজ ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। এতে বছরের প্রথম দুই দিনেই ভালো মানের এক ভরি সোনার দাম কমলো ৪ হাজার ১৯৯ টাকা।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম কমানো হয়েছে ৪৬৭ টাকা, ১৮ ক্যারেটের ৪০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম কমানো হয়েছে ৩৪৯ টাকা।

এই পরিবর্তনের ফলে বাজারে ক্রেতারা স্বল্প সময়ের মধ্যে সোনার নতুন দামে ক্রয়-বিক্রয় করতে পারবে।