
ফাইল ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ৯১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষাপটে নতুন দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
সোমবার (৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৫ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি পাঁচ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম পাঁচ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম চার হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার এক ভরি দাম তিন হাজার ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।











































