শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৬ জানুয়ারি ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, ভোট গণনা শুরু


JOCSU-Election

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৫ শতাংশ। পাশাপাশি হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এসব তথ্য জানান জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। একই সঙ্গে তিনি ভোট গণনা শুরুর ঘোষণাও দেন।

ভোট গণনার প্রক্রিয়া সম্পর্কে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করা হবে। ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন থাকলে সংশ্লিষ্ট পদের ভোট বাতিল বলে গণ্য হবে।

এর আগে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে নির্ধারিত সময় পার হলেও অর্থনীতি ও ইসলামিক স্টাডিজসহ কয়েকটি বিভাগের ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। এসব কেন্দ্রে লাইনে থাকা ভোটাররা পরে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়। সেখানে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার দৃশ্য দেখানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়া জকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজই নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।