বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৬ জানুয়ারি ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
শেয়ার

বছরের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ৪০ লাখ ডলার


remittance

ফাইল ছবি

চলতি বছরের প্রথম ৫ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ৫ দিনে প্রবাসীরা দেশে ৬০ কোটি ৪০ লাখ ডলার পাঠিয়েছেন। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। শুধুমাত্র ৫ জানুয়ারি একদিনেই প্রবাসীরা ১৩ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।

এর আগে চলতি অর্থবছরের জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৮৬ কোটি ৯০ লাখ ডলার। গত ডিসেম্বরে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা চলতি অর্থবছরের কোনো মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে ধরা হয়েছে।

গত নভেম্বরে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরের রেমিট্যান্স যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার বা ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড করা হয়েছে।