বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ জানুয়ারি ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

জকসুতে ভিপি, জিএসসহ ২১ পদের ১৬টিতে শিবির সমর্থিত প্রার্থীদের জয়


Shibir-panel

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ভিপি, জিএস ও এজিএসসহ কেন্দ্রীয় সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতে বিপুল ভোটে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল পেয়েছে পাঁচটি পদ।

বুধবার রাত ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান চূড়ান্ত ফল ঘোষণা করেন। তবে ফল ঘোষণার সময় সদস্য পদে একজন প্রার্থীকে ভুলবশত বিজয়ী ঘোষণা করা হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি সংশোধন করে নির্বাচন কমিশন জানায়, সদস্য পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন মেহেদী হাসান।

ভিপি পদে শিবিরসমর্থিত মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলসমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। জিএস পদে শিবিরসমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট, ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। এজিএস পদে শিবিরসমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট এবং ছাত্রদলসমর্থিত বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪ হাজার ২২ ভোট।

এছাড়া শিবিরসমর্থিত প্যানেল থেকে বিভিন্ন সম্পাদকীয় পদে নির্বাচিত হয়েছেন মো. নূর নবী, ইব্রাহিম খলিল, সুখীমন খাতুন, হাবীব মোহাম্মদ ফারুক, নূর মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান, নওশীন নাওয়ার জয়া ও জরসিজ আনোয়ার নাঈম। ছাত্রদলের প্যানেল থেকে পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াস আল রাকিব, পরিবহন সম্পাদক পদে মাহিদ হোসেন এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শুরুর পর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা গণনা বন্ধ থাকে। পরে নির্বাচন কমিশন, উপাচার্য ও ছাত্র সংগঠনগুলোর যৌথ সিদ্ধান্তে ম্যানুয়াল ও মেশিন- দুই পদ্ধতিতে পুনরায় ভোট গণনা শুরু হয়। রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত একটি কেন্দ্রের ভোট গণনা করা হয় এবং সকাল সাড়ে ৮টা থেকে পর্যায়ক্রমে ফল প্রকাশ শুরু হয়।

নির্বাচনে জয়ী হয়ে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনেই তারা এগিয়ে আছেন এবং শিক্ষার্থীদের নিয়েই কাজ করবেন। জিএস আব্দুল আলিম আরিফ বলেন, এটি কোনো দলের পরাজয় নয়, এটি জবিয়ানদের বিজয়। এজিএস মাসুদ রানা জানান, শিক্ষার্থীদের দাবিদাওয়া বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম জকসু নির্বাচন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এই নির্বাচন বিশ্ববিদ্যালয় ও জাতীয় অঙ্গনে একটি মাইলফলক হয়ে থাকবে। তিনি নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।