
কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে টিভি অনুষ্ঠান প্রযোজনা কৌশল বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উত্তরা ডিয়াবাড়ী স্থায়ী ক্যাম্পাসে ‘টেলিভিশন প্রোডাকশন এন্ড কমিউনিকেশন’ শীর্ষক কোর্সের ব্যবহারিক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। কর্মশালায় পেশাজীবনের অভিজ্ঞতা বিনিময় করেন টিভি অনুষ্ঠান নির্মাতা ও চ্যানেল আইয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (প্রযোজক) অনন্যা রুমা। এছাড়া গ্রাফিক ডিজাইন, চলচ্চিত্র, কনটেন্ট মেকিং, গণমাধ্যম ও মাল্টিমিডিয়া বিষয়ে একাডেমিক শিক্ষা ও পেশাদার কর্মক্ষেত্রের বাজারচাহিদা নিয়ে আলোকপাত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ খোরশেদ আলম।
গণমাধ্যম গবেষক, অধ্যাপক ও গণযোগাযোগ পরামর্শক ড. ইসলাম শফিক কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় টিভি প্রযোজনার হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রযোজনাভিত্তিক এই কর্মশালায় শিক্ষার্থীরা ইনডোর ও আউটডোর—দুই পরিবেশে মোট দুটি টিভি প্রযোজনার শুটিং সম্পন্ন করে। প্রশিক্ষণে অনুষ্ঠানের ধরন অনুযায়ী সেট নির্মাণ, লাইটিং, শব্দগ্রহণ, মাইক্রোফোন পরিচিতি, মাল্টিক্যামেরায় অনলাইন শুটিং কৌশল, অনলাইন ভিডিও এডিটিং পদ্ধতি, টকব্যাকের ব্যবহার, ক্যামেরা মুভমেন্ট, লাইভ সম্প্রচার ও লাইভ অনুরূপ রেকর্ডিং কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই কর্মশালায় অর্জিত অভিজ্ঞতা শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত কর্মক্ষেত্রে সৃজনশীল ও নান্দনিকভাবে কাজে লাগাতে সক্ষম হবে।









































