বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১০ জানুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা


CU

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের বিরোধিতা, গণহত্যাকে সমর্থন ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ‘আওয়ামী পন্থী’ শিক্ষককে আটক করে প্রক্টরিয়াল বডির হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।

শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে তাকে আটক করা হয়। আটক শিক্ষক হলেন চবির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মাহমুদ রোমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে দায়িত্ব পালন করছিলেন তিনি। চাকসু নেতারা ডিন অফিসে আসছেন- এমন খবর পেয়ে তিনি হল ছেড়ে পালানোর চেষ্টা করেন। পরে চাকসু নেতারা তাকে ধাওয়া করে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।

হাসান রোমানের বিরুদ্ধে আওয়ামী আমলে শিক্ষার্থীদের নির্যাতন, আন্দোলনকারীদের ‘জঙ্গি’ ট্যাগ দিয়ে মামলা, মাদক ও ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীদের একটি অংশ।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি বলেন, “জুলাই আন্দোলনের পর তিনি পলাতক ছিলেন। তার মতো একজন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলমান থাকা সত্ত্বেও কেন তাকে ভর্তি পরীক্ষার দায়িত্ব দেওয়া হলো- এ বিষয়ে প্রশাসনের কাছে জবাব চাই।”

অন্যদিকে, হাসান মাহমুদ রোমান বলেন, পরীক্ষার হলে ডিউটির সময় তাকে জানানো হয় তার বিরুদ্ধে মব সৃষ্টি হতে পারে। তাই তিনি হল ছাড়তে চাইলে কয়েকজন তাকে জোর করে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেন।

চবি প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, চাকসু নেতারা ওই শিক্ষককে প্রক্টর অফিসে নিয়ে এসেছেন। বর্তমানে তিনি এখানেই আছেন। তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেবে, তা পরে জানানো হবে।