বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ জানুয়ারি ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহত অন্তত ৫৩৮: মানবাধিকার সংস্থা


Iran-demo

ইরানে টানা ১৫ দিন ধরে চলা সরকারবিরোধী আন্দোলনে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার ৬০০-এর বেশি মানুষকে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে দাবি করেছে সংস্থাটি।

রোববার (১১ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানায় এইচআরএএনএ। গত তিন দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক কল পরিষেবা বন্ধ থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।

রাজধানী তেহরানের বড় হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত ও নিহতদের ভিড়ে হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। অনেক ক্ষেত্রে নতুন মরদেহ ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

ইরান সরকার এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস নিহতের সংখ্যা যাচাইয়ের চেষ্টা করলেও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় তা সম্ভব হয়নি।

এই বিক্ষোভের পেছনে প্রধান কারণ হিসেবে ইরানের ভয়াবহ অর্থনৈতিক সংকটকে দায়ী করা হচ্ছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য নেমে দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৯৪ হাজারে, যা দেশটির ইতিহাসে অন্যতম দুর্বল অবস্থান। মুদ্রাস্ফীতির কারণে খাদ্য, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে চরম সংকটে পড়েছেন সাধারণ মানুষ।

গত ২৮ ডিসেম্বর তেহরানের বাজারের ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট থেকেই এই আন্দোলনের সূচনা হয়, যা এখন ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা এখন শুধু মূল্যস্ফীতির প্রতিবাদ নয়, বরং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের দাবিও তুলছেন।

আন্তর্জাতিক অঙ্গনে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, দমন-পীড়ন চললে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভাষণে অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সূত্র: এএফপি