
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার প্রভাবে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চলাচলকারী বিমানগুলোর সময়সূচি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় প্রবাসী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ঘন কুয়াশার কারণে ঢাকা–মালদ্বীপ ও মালদ্বীপ–ঢাকা রুটের একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারছে না। এতে অনেক ফ্লাইটে দীর্ঘ বিলম্ব দেখা দিয়েছে, কোথাও কোথাও শিডিউল পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে মালদ্বীপে অবস্থানরত বা বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় থাকা প্রবাসী যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। যাত্রার আগে অবশ্যই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও সময়সূচি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, ফ্লাইটের সময় নিশ্চিত না করে নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত হলে যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হতে পারে। তাই যাত্রার আগে ফ্লাইট আপডেট জেনে নেওয়াকে জরুরি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।














































