বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৩ জানুয়ারি ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার


anowar-ullah

নিহত জামায়াত নেতা মোহাম্মদ আনোয়ার উল্লাহ

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে আনোয়ার উল্লাহর বাসায় প্রবেশ করে। তারা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে নগদ ৫ লাখ টাকা এবং ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। পরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যু ব্যক্তি শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতের রোকন ও পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক এবং সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরে আনোয়ার উল্লাহ মারা যান।’ এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান শেরেবাংলা নগর থানার ওসি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, আনোয়ার উল্লাহ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ছাড়াও বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুর্বত্তরা তার বাসার স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলেও জানা গেছে।