বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৫ জানুয়ারি ২০২৬, ৭:০১ অপরাহ্ন
শেয়ার

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২১ এপ্রিল


ssc exam

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও গত বছর ও এ বছর তার ব্যতিক্রম দেখা গেছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে, এর মাঝে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে হবে।

ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক—তিন অংশেই আলাদাভাবে পাস করতে হবে।

নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে, নতুবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।

সব ধরনের পরীক্ষায় একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে, যা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।