
ছবি: সংগৃহীত
পর্যটকদের কাছে আকর্ষণীয় নেপালের সঙ্গে এবার বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসারের দ্বার খুলছে। বাংলাদেশ নেপালের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চূড়ান্ত করার পথে এগোচ্ছে। সীমান্ত, পরিবহন, শুল্ক ও বাজার প্রবেশাধিকারের জটিলতা দূর করে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোই চুক্তির মূল লক্ষ্য।
ঢাকায় ১৩-১৪ জানুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ৮ম বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিদল পিটিএর ড্রাফট টেক্সট, রুলস অব অরিজিন এবং পণ্যের তালিকা দ্রুত চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। প্রাথমিকভাবে সীমিত পণ্যের আওতায় পিটিএ বাস্তবায়ন করা হবে এবং পরবর্তীতে তা সম্প্রসারণ করা হবে।
বৈঠকে দুদেশ ব্যবসায়িক ভিসা সহজীকরণ, পণ্যের বাজার প্রবেশাধিকারের সম্প্রসারণ, শুল্ক সুবিধা, পেমেন্ট সিস্টেম সহজীকরণ এবং নন-ট্যারিফ বাধা হ্রাসসহ বাণিজ্য বৃদ্ধির নানা উদ্যোগে একমত হয়। এছাড়া বন্দর ও রেল সংযোগ উন্নয়ন, ট্রানজিট সুবিধা কার্যকর করা, পর্যটন সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় জানাচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের নেপাল রপ্তানি আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক শক্ত হবে।













































