
বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক সব সময়ই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়াকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পোস্ট, উপস্থিতি ও ক্যাপশন ঘিরে নানা জল্পনা চলছে।
চলতি মাসের শুরুতে এপি ঢিলনের একটি কনসার্টের পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হলে বিষয়টি সামনে আসে। ওই ভিডিওকে ‘পেইড পিআর’ বলে দাবি করে কড়া প্রতিক্রিয়া জানান তারা সুতারিয়া। শুরুতে বীর পাহাড়িয়া তাঁর পাশে দাঁড়িয়ে বিষয়টি সমর্থন করলেও পরে তাঁদের প্রকাশ্য উপস্থিতিতে কিছু পরিবর্তন লক্ষ করেন ভক্তরা, যা থেকে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।
সন্দেহ আরও বাড়ে যখন বীর পাহাড়িয়াকে তাঁর ভাই শিখর পাহাড়িয়া ও অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে ছুটিতে যেতে দেখা যায়, সেখানে তারা সুতারিয়ার অনুপস্থিতি চোখে পড়ে। এরপর মুম্বাইয়ে নূপুর স্যানন ও স্টেবিন বেনের বিয়ের সংবর্ধনায় বীরের একা উপস্থিতিও আলোচনার জন্ম দেয়। ওই অনুষ্ঠানে সালমান খান, মৌনি রায়, দিশা পাটানি, অঙ্কিতা লোখান্ডে, হিনা খানসহ বহু তারকা উপস্থিত থাকলেও তারা সুতারিয়াকে দেখা যায়নি।
এদিকে বীর পাহাড়িয়ার সাম্প্রতিক এক রহস্যময় পোস্ট—“সময় ভালো হোক বা খারাপ, একদিন সব বদলাবে”—ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। অনেকেই মন্তব্য করে তাঁদের আবার একসঙ্গে দেখার আশাও প্রকাশ করেছেন।
সূত্র: ইন্ডিয়াডটকম













































