
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য আজ (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হলেও ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি।
বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতের ভেন্যুতে খেলতে রাজি নয়। এ বিষয়ে আগেই আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানানো হয়েছে। কয়েক দফা আলোচনার পরও বিসিবির অবস্থান পরিবর্তন করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এর আগের দিন বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, বোর্ড ও সরকার—উভয়ই মনে করে ভারতের বর্তমান পরিস্থিতিতে শুধু খেলোয়াড় নয়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এই অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না।

আজকের বৈঠকেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফলে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন পুরোপুরি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বিসিবির প্রত্যাশা, আলোচনার ফল ইতিবাচক হবে। আইসিসির প্রতিনিধিরা দ্রুত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন।








































