
সংগৃহীত ছবি
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের তিন যাত্রীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০), সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথিমধ্যে ঘটকচর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মামুন আল রশিদ বলেন, বাস-অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।











































