
ফাইল ছবি
চলতি জানুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৩৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারির ১৭ দিনে প্রবাসী আয়ের এই পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ৫৬.৩ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১৭ দিনে প্রবাসী আয় ছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার।
এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ৬ মাস ১৭ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ১ হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ১৭ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ডলার, রাষ্ট্র মালিকাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৭ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার, আর বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ৬০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।












































