মঙ্গলবার । জুন ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৯ জানুয়ারি ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় লরি দুর্ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু


malaysia-lorry-accident

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পাহাং প্রদেশের রোম্পিন এলাকায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

সর্বশেষ নিহতের নাম মোহাম্মদ আসকার (৪১)। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটে সেগামাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)।

নিহত তিনজনই জোহর রাজ্যের সেগামাত এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পাম বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

রোম্পিন জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, শনিবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে জালান সেলাঞ্চার–রেডং সড়কে দুর্ঘটনাটি ঘটে। চারজন শ্রমিক মালিকানাধীন একটি ডাইহাটসু লরিতে করে পাম বাগানের বিষ পরিবহন করছিলেন। এ সময় একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টায় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়।

পুলিশ জানায়, লরিটি চালাচ্ছিলেন ৪৫ বছর বয়সি এক বাংলাদেশি নাগরিক। দুর্ঘটনায় তিনি অক্ষত থাকলেও পুলিশ তাকে আটক করেছে। তদন্তের স্বার্থে রোববার থেকে বুধবার পর্যন্ত চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালকের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলাটি তদন্তাধীন রয়েছে।