
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেহাংয়ে একটি লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে রোমপিন জেলার কামপুং পেরভিরা জয়ার কাছে জালান ফেলদা সেলানচার-ফেলদা রেডং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. কাদের (৩৪) ও মো. ডালিম (৩০)। হতাহতরা পামওয়েল বাগানের শ্রমিক ছিলেন। দুর্ঘটনায় বাংলাদেশি লরিচালক অক্ষত থাকলেও পেছনে থাকা আরেক শ্রমিক গুরুতর আহত হন।
রোমপিন জেলা পুলিশ সুপার শরিফ শাই শরিফ মন্দোই জানান, চারজন বিদেশি শ্রমিক একটি লরিতে কীটনাশক বহন করছিলেন। লরির সামনের আসনে চালকসহ দুজন এবং পেছনে আরও দুজন অবস্থান করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, লরিচালক একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে উল্টে যায়। এতে সামনের আসনে থাকা মো. কাদের ও পেছনের যাত্রী মো. ডালিম ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থল থেকে আহত শ্রমিককে সেগামাত হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, লরি চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও তাকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল কিনা, তা গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে জানানো হবে। তবে চারজনেরই বৈধ ভ্রমণ নথি ও বাগানে কাজের অনুমতিপত্র ছিল।
দুর্ঘটনাটি সড়ক পরিবহন আইনে তদন্তাধীন রয়েছে। এই ধারায় দোষ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার রিঙ্গিত জরিমানা হতে পারে।













































