
দক্ষিণী অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। নেটিজেনদের একাংশের দাবি ছিল, আসন্ন ভালোবাসা দিবসেই নাকি এই দুই তারকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
তবে এই জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন ম্রুণাল ঠাকুর। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘স্থির, উজ্জ্বল ও অটল’। এ নিয়ে ভক্তদের মধ্যে নানা ব্যাখ্যা শুরু হয়।
অন্যদিকে ম্রুণালের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানায়, ধানুশের সঙ্গে তাঁর বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আগামী মাসে এমন কোনো পরিকল্পনাও নেই। কারণ ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে তাঁর একটি বড় বাজেটের ছবি, আর মার্চে আসছে একটি তেলুগু চলচ্চিত্র।
বর্তমানে সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ ছবির কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ম্রুণাল। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ পর্যায়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা।
এদিকে ধানুশও সংবাদমাধ্যমে এই বিয়ের গুঞ্জনকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ‘সন অব সরদার ২’ ছবির এক অনুষ্ঠানে ধানুশকে ম্রুণালের উষ্ণ অভ্যর্থনার ভিডিও ভাইরাল হলে নতুন করে গুঞ্জনের সূচনা হয়। এরপর থেকেই তাঁদের একসঙ্গে দেখা গেলেই নানা আলোচনা শুরু হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া













































