বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২১ জানুয়ারি ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
শেয়ার

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, আহত ৮


titumir-college

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটেছে, ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগতদের এনে হলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর পর থেকে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।