
ফের বিয়ের পিঁড়িতে বসলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
মধুমিতার স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনেও দুজনের মিল—ভ্রমণপ্রিয়তায়। বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দেন মধুমিতা। লাল বেনারসি শাড়ি, সোনার গয়না ও কপালে চন্দনের নকশায় ছিল কনের সাজ। বিয়ের দিনে অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, পর্দার বিয়ের সঙ্গে বাস্তবের বিয়ের কোনো তুলনা হয় না, নিজের বিয়েটাই সবচেয়ে বিশেষ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনেরা। বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন আমন্ত্রিত অতিথিরা।
জানা যায়, পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা ও দেবমাল্য। গত ১৮ জানুয়ারি তাঁদের বাগদান সম্পন্ন হয়। সামাজিক মাধ্যমে বাগদানের ছবি প্রকাশ করে মধুমিতা লিখেছিলেন, ‘শুধুই আমার’।
উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করলেও পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনের সূচনা করলেন অভিনেত্রী।













































