শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার

ঢাবি’র ব্যবসায় শিক্ষা অনুষদে জমজমাট আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা


FBS

উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিত্বকারী দল ‘ম্যানেজমেন্ট অ্যারিয়েল’ শিরোপা জিতে নেয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে (এফবিএস) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ‘ইন্টার-ডিপার্টমেন্টাল ডিসকডিয়া ১.০’–এর গ্র্যান্ড ফিনালে ও নবীনবরণ অনুষ্ঠান।

এফবিএস ডিবেটিং ক্লাবের আয়োজনে গত শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিযোগিতামূলক বিতর্কের পাশাপাশি ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। তিনি শিক্ষার্থীদের বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিত্বকারী দল ‘ম্যানেজমেন্ট অ্যারিয়েল’ শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় হিসাববিজ্ঞান বিভাগের দল ‘সবহারা’। পুরো প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা বিতার্কিক নির্বাচিত হন অ্যাকাউন্টিং ডিবেটিং ক্লাবের সদস্য নাহিয়ান নওসাবা।

গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রিদওয়ান মুহসিন (কনভেনর, ইংলিশ উইং, ডিওএইচ), আসিফ আদনান আমী (সহ-সমন্বয়ক, ডিইউডিএস ইংলিশ উইং ও সভাপতি, বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব) এবং মো. হাসিন ইসরাক (সভাপতি, হাউস অব ডিবেটাস)।

অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিল ডাটা সলিউশন–৩৬০। প্রতিষ্ঠানটি চ্যাম্পিয়ন দলের তিন সদস্যকে ৮০ শতাংশ এবং রানার্সআপ দলের তিন সদস্যকে ৬০ শতাংশ স্কলারশিপ প্রদানের ঘোষণা দেয়, যার মোট আর্থিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এই আয়োজনের মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাভাবনা ও বিতর্কচর্চা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প