
ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থাকে একীভূত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংস্থাগুলো হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
তিনি জানান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় এই একীভূতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে প্রধান উপদেষ্টা ও বোর্ড চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। আগে গঠিত উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতেই নীতিগতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
চৌধুরী আশিক বলেন, ভবিষ্যতে ছয়টি সংস্থাকে একীভূত করে একটি একক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে। নতুন কাঠামো কেমন হবে, তা নির্ধারণে একটি স্বাধীন তৃতীয় পক্ষের পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যাতে কোনো সংস্থাকে অতিরিক্ত সুবিধা বা বিশেষ আচরণ না দেওয়া হয়।
তিনি আরও জানান, আপাতত এটি একটি নীতিগত সিদ্ধান্ত, এবং ভবিষ্যৎ সরকার এ একীভূতকরণের বাস্তবায়ন করবে।










































