
বিমান দুর্ঘটনায় মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বুধবার (২৮ জানুয়ারি) রাজ্যের বারামতিতে অবতরণের সময় তাঁকে বহনকারী বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় অজিত পাওয়ার সহ বিমানে থাকা আরও চারজনের মৃত্যু হয়।
৬৬ বছর বয়সী অজিত পওয়ার একটি জনসভায় যোগ দেওয়ার জন্য মুম্বাই থেকে নিজের এলাকা বারামতিতে যাচ্ছিলেন। বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা চলাকালীন সময়ে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মারা যাওয়া অন্য চারজন হচ্ছেন বিমানের দুই পাইলট এবং অজিত পওয়ারের দুই নিরাপত্তাকর্মী।
মহারাষ্ট্র তথা ভারতের রাজনীতিতে এক আলোচিত নাম অজিত পাওয়ার। ভারতীয় রাজনীতির আরেক আলোচিত ও প্রভাবশালী চরিত্র শারদ পাওয়ারের ভাতিজা তিনি। বর্ষীয়ান কংগ্রেস নেতা শারদ পাওয়ার যখন কংগ্রেস থেকে বেরিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) গঠন করেন তখন থেকে মূলত অজিত পাওয়ারের উত্থান শুরু হয়। মহারাষ্ট্র রাজ্যের রাজনীতিতে এনসিপি হয়ে ওঠে কিং মেকার।
চাচার ছায়াতলে থেকে কয়েক দফা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হন তিনি। চাচার সিদ্ধান্তের বাইরে গিয়ে এনসিপি ভেঙে বিজেপি’র সাথে হাত মিলিয়েও দু দফা উপ-মুখ্যমন্ত্রী হন অজিত পাওয়ার।
ভারতের কোনো রাজ্যের সবচেয়ে বেশি বার উপ-মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড অজিত পাওয়ারের। ছয়বার তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হন। তবে মুখ্যমন্ত্রী হওয়ার তার যে স্বপ্ন তা স্বপ্নই রয়ে গেল।





































