রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ জানুয়ারি ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন
শেয়ার

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩


gaza

ফাইল ছবি

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ও ড্রোন হামলায় বৃহস্পতিবার অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। একই সময় শহরের পূর্ব দিকের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণও চালানো হয়। এছাড়া তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর কাছাকাছি শেখ নাসের এলাকায় আরও একজন ফিলিস্তিনি গুলিতে নিহত হন।

অন্যদিকে, মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে এক ব্যক্তির মরদেহ ও পাঁচজন আহতকে আনা হয়। মাঘাজি শরণার্থী শিবিরের মাক্কি গোলচত্বরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় তারা হতাহত হন বলে জানায় চিকিৎসা সূত্র।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হলেও এর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৫৬ জন আহত হয়েছেন।

এদিকে, দুই বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় মোট ৭১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, এতে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং পুনর্গঠনে ব্যয় হতে পারে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার।