
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরব। দেশটির পবিত্র মদিনা অঞ্চলে ‘সৌদি গ্রিন ইনিশিয়েটিভ’ (এসজিআই) প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২১ লাখেরও বেশি গাছ রোপণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ওয়াটার কোম্পানি (এনডব্লিউসি) মদিনার বিশাল মরুভূমিকে সবুজায়ন করতে এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো সেচকাজে শতভাগ পরিশোধিত বর্জ্য পানির ব্যবহার। এতে একদিকে যেমন মূল্যবান ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমছে, অন্যদিকে বর্জ্য পানির কার্যকর পুনঃব্যবহার নিশ্চিত হচ্ছে। এনডব্লিউসি জানিয়েছে, মদিনার উত্তর-পশ্চিম সেক্টরে রোপণ করা গাছের একটি বড় অংশ এখন এমন স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে পৌঁছেছে যে সেগুলোর জন্য আর নিয়মিত সেচের প্রয়োজন হচ্ছে না।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ২০২১ সালে যাত্রা শুরু করা এই গ্রিন ইনিশিয়েটিভের মূল লক্ষ্য হলো ২০৬০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নিঃসরণ নিশ্চিত করা। মদিনার এই বনায়ন কার্যক্রম সেই লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্টের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে এই কার্যক্রম আরও প্রসারের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সবুজায়নের ফলে মদিনা অঞ্চলের বায়ুর মান উন্নত হবে, বালুঝড়ের প্রকোপ কমবে এবং স্থানীয় জীববৈচিত্র্য ফিরে আসবে। মরুভূমিকে সবুজে ছেয়ে ফেলার এই সৌদি মডেল এখন বিশ্বের অন্যান্য শুষ্ক দেশগুলোর কাছেও একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠছে।





































