শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শেয়ার

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


iti

নিহত জুবাইদা ইসলাম ইতি। ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি) ওই এলাকার একটি আবাসিক বাসা থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম জুবাইদা ইসলাম ইতি। তিনি রাবি সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) পিয়ন হিসেবে কর্মরত। ইতি মেহেরচণ্ডী এলাকার ওই বাসায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম গ্রহণ করেছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শঙ্কর কুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিক্ষার্থীটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, শিক্ষার্থীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ বা বিষণ্নতার কারণে এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া ফেলেছে। সহপাঠী ও শিক্ষকরা নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।