রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪ পূর্বাহ্ন
শেয়ার

চট্টগ্রামে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ


shafiqur

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান আজ সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারে একাধিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। জামায়াত ও তাদের ১১ দলীয় জোট এসব সমাবেশে ব্যাপক জনসমাগমের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমানের সফরের মধ্যে মহেশখালীতে সকাল ৯টায়, কক্সবাজার সদরে সকাল ১০টায়, লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১১টায়, সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৫টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সমাবেশগুলোর সুষ্ঠু আয়োজনের জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং মঞ্চ প্রস্তুতসহ সকল সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং এবং লিফলেট বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।

জামায়াতের আমিরের চট্টগ্রাম আগমন উপলক্ষে গত শনিবার চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাবেশগুলোতে জামায়াত আমির চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরবেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা জামায়াত আমিরকে চট্টগ্রামে স্বাগত জানাতে প্রস্তুত। এই সমাবেশ নগরীর উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন তিনি।”