রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন
শেয়ার

দীর্ঘ ২২ বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান, যাবেন যশোরেও


tarek

ফাইল ছবি

দীর্ঘ ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি জনসভায় যোগ দিতে খুলনা সফরে যাচ্ছেন আজ সোমবার (২ ফেব্রুয়ারি)। একই দিনে তিনি যশোরেও পৃথক জনসভায় অংশ নেবেন। খুলনা ও যশোরের জনসভায় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেবেন।

আজ বেলা ১১টায় খুলনা নগরীর প্রভাতী স্কুলমাঠে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক পুনর্জাগরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান—এমনটাই জানিয়েছেন দলীয় নেতারা।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার একটি হোটেলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এসব তথ্য জানান।

তিনি বলেন, জনসভাকে ঘিরে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষাসহ সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আশপাশের জেলা ও উপজেলা থেকেও বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ অন্য নেতারা।

খুলনার জনসভা শেষে তারেক রহমান দুপুরে যশোরে যাবেন। সেখানে যশোর উপশহর কলেজমাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।

এর আগে রোববার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আজ দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে যশোর উপশহর উদ্যানে পৌঁছাবেন। এরপর তিনি উপশহর কলেজমাঠের জনসভায় যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।