
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঘিরে একসময় দর্শক–ভক্তদের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। একসঙ্গে মাত্র একটি চলচ্চিত্রে কাজ করলেও বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন অনুষ্ঠানে যৌথ উপস্থিতির কারণে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়।
অবশেষে সেই গুঞ্জন প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, শাকিব খানের সঙ্গে তাঁর কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
নুসরাত ফারিয়া বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবই ছিল কাজের জায়গা থেকে।’
‘শাহেনশাহ’ ছবির পর শাকিব খান ও নুসরাত ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। কেন এরপর আর তাঁদের জুটি হয়নি—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।
তিনি বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’
পডকাস্টে শুধু সিনেমা নয়, ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও কথা বলেন নুসরাত ফারিয়া। সেখানে তিনি নিজের ক্যারিয়ারের চড়াই–উতরাই, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দুই দিনের কারাবন্দি জীবনের কথাও তুলে ধরেন।









































