শনিবার । মার্চ ২১, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

এবার কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ


palash

কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন পলাশ নিজেই। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ফের বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা সুস্থ ও ফুটফুটে একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে পলাশের পরিবার।

এই সুখবর নিশ্চিত করে হাসপাতাল থেকে পলাশ বলেন, “বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা এখনো হাসপাতালেই আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।”

ছোট পর্দায় পলাশ পরিচিতি পান কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রটি তাকে দেশ-বিদেশে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে এবং অভিনয়জগতে তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পলাশ। এরপর ২০২৩ সালের জুলাই মাসে প্রথম পুত্রসন্তানের বাবা হন তিনি। তাদের প্রথম সন্তানের নাম রাখা হয়েছে মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যুক্ত হলো কন্যাসন্তান।

পলাশের মিডিয়া ক্যারিয়ার শুরু হয় ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজ করার মাধ্যমে। তিনি দীর্ঘদিন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন।

পরবর্তীতে অভিনয়ের প্রতি মনোযোগী হয়ে ওঠেন পলাশ। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার অভিনয়জগতে নতুন মোড় আসে। অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও মাঝে মাঝে সক্রিয় দেখা যায় এই অভিনেতা-নির্মাতাকে।