রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার

ডিপি ওয়ার্ল্ডকে যুক্তরাজ্যে বন্দর নির্মাণে সহযোগিতা করেছিলেন এপস্টেইন


Sultan-Ahmed-Jeffrey-Epstein

সুলতান আহমেদ বিন সুলায়েম ও জেফরি এপস্টেইন। ছবি: এপি

যুক্তরাজ্যে টেমস নদীর তীরে ১ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড ব্যয়ে বন্দর নির্মাণ প্রকল্পে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে সহায়তা করতে কুখ্যাত ব্যবসায়ী জেফরি এপস্টেইন তৎকালীন ব্রিটিশ বাণিজ্য সচিব পিটার ম্যান্ডেলসনকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে এসেছে।

নথি অনুযায়ী, ২০০৯ সালে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েমের পাঠানো বিনিয়োগ ও সরকারি ঋণ গ্যারান্টি–সংক্রান্ত একাধিক ইমেইল ম্যান্ডেলসনের কাছে ফরোয়ার্ড ও পর্যালোচনার কাজে যুক্ত ছিলেন এপস্টেইন। এসব ইমেইলে লন্ডন গেটওয়ে বন্দর প্রকল্পে যুক্তরাজ্য সরকারের ঋণ গ্যারান্টির আহ্বান জানানো হয় এবং বার্তার কিছু অংশ এপস্টেইন নিজেই সংশোধন করেন।

নথিতে আরও দেখা যায়, ওই সময় ডিপি ওয়ার্ল্ড আর্থিক সংকটে ছিল এবং পরে সংযুক্ত আরব আমিরাত সরকার প্রতিষ্ঠানটিকে সহায়তা দেয়। ২০১০ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যে বন্দর নির্মাণের কাজ শুরু হয়। এপস্টেইনের ইমেইলগুলোতে ম্যান্ডেলসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের তথ্যও উঠে এসেছে।

এদিকে প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট বিতর্ক ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পিটার ম্যান্ডেলসন লেবার পার্টির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। দ্য টেলিগ্রাফকে তিনি জানান, এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তিনি অনুতপ্ত এবং ভুক্তভোগীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ