
ছবি: সংগৃহীত
সৌদি আরব সরকার উটের জন্য বিশেষ পাসপোর্ট বা অফিসিয়াল নথি চালুর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ প্রাণী খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করার পাশাপাশি উট সম্পর্কিত তথ্যভিত্তিক ডেটাবেস তৈরিতে সহায়ক হবে।
গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাসপোর্টের ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায়, সবুজ রঙের পাসপোর্টে দেশের কোস্ট অব আর্মস ও একটি স্বর্ণের উটের ছবি অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো উট পালন খাতকে আরও সুশৃঙ্খল করা, উটের পরিচয় নথিভুক্ত করা এবং সেবার মান উন্নত করা। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সৌদি আরবে উট ব্যবসায় আস্থা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।
প্রতিটি উটের বিস্তারিত তথ্য, মালিকানা ও জাত রেকর্ড করা হবে। এগুলো উটের স্বাস্থ্য এবং আইনি তথ্যের সঙ্গে সংযুক্ত করা হবে। ফলে উটের জন্য এই পাসপোর্টটি একটি দাপ্তরিকভাবে স্বীকৃত নথি হিসেবে কাজ করবে, যা উটসংক্রান্ত যেকোনো সেবা প্রদানকে আরও সহজ এবং কার্যকর করবে। এই পাসপোর্ট উটের জন্য পূর্ণাঙ্গ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে।
সূত্র: খালিজ টাইমস




































