রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
শেয়ার

ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা


আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ

ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন আন্দোলনরত নেতা-কর্মীরা। এ সময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ এলাকায় এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করলে পুরো এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয়। আতঙ্কে পথচারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন।

এর আগে দুপুরের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা দেন।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ তখন জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

পরে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে গিয়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া যায়। এতে পুরো শাহবাগ এলাকা ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং শাহবাগ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে রাত পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।