রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

ইরান চুক্তি করতে মরিয়া: ট্রাম্প


Trump

ওমানে ইরান–মার্কিন আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আলোচনা খুব ভালো হয়েছে এবং ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেই মনে হচ্ছে।

সম্প্রতি ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। বিবিসির খবরে বলা হয়, ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক নিয়েই তিনি এই প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন, চুক্তিটি এখন কোন পর্যায়ে আছে, তা দেখতে হবে। তার মতে, ইরান এবার চুক্তিতে যেতে আগ্রহ দেখাচ্ছে, যদিও অতীতে তারা সে পথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি জানান, নতুন চুক্তি হলে তা আগের চুক্তির চেয়ে ভিন্ন হবে।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং পরিস্থিতি কোন দিকে যায়, তা পর্যবেক্ষণ করা হবে। কতদিন অপেক্ষা করা হবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত সময় রয়েছে এবং কোনো তাড়াহুড়ো নেই।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, আগামী সপ্তাহের শুরুতে আবারও বৈঠক হতে পারে। চুক্তি না হলে কী পরিণতি হতে পারে—সে বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, এর পরিণতি স্পষ্ট এবং আলোচনার ফল কী হয়, তা দেখা হবে। বৈঠকটি একজন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তার সঙ্গে হয়েছে বলেও জানান তিনি।

চুক্তির শর্ত প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তার দাবি, দুই বছর আগেও একটি চুক্তি সম্ভব ছিল, কিন্তু তখন ইরান রাজি হয়নি। এখন তারা এক থেকে দেড় বছরের বেশি সময় ছাড় দিতে প্রস্তুত বলে তিনি মনে করেন।