
যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর ও তাঁর সাবেক স্ত্রী সারা ফার্গুসনের পরিবারের জন্য নতুন করে সংকট তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত কিছু ই–মেইলে যৌন অপরাধে দণ্ডিত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের সঙ্গে প্রিন্সেস বিয়াট্রিচ ও ইউজিনির যোগাযোগ ধারণার চেয়েও বেশি ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে।
নথিতে দেখা যায়, এপস্টিন কারামুক্তির পর মায়ামিতে দুই রাজকুমারীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিতে বা বাকিংহাম প্যালেস ঘুরিয়ে দেখানোর ক্ষেত্রেও তাঁদের নাম ব্যবহার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এসব ই–মেইল রাজকুমারী বিয়াট্রিচ ও ইউজিনির ভবিষ্যৎ ও রাজপরিবারে অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে রাজপরিবার–বিষয়ক সাংবাদিক ভিক্টোরিয়া মারফির মতে, ই–মেইলগুলো অস্বস্তিকর হলেও সাধারণ মানুষের সহানুভূতি এখনো তাঁদের প্রতি রয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রিন্স অ্যান্ড্রু বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন এবং এপস্টিন–সংক্রান্ত নথিতে নাম থাকা মানেই কোনো অপরাধে জড়িত থাকা—এমনটি নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বিবিসি




































