
আর মাত্র চারদিন পরেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে নিজের নির্বাচনী এলাকায় (ঢাকা-১৭) মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় ইসিবি চত্বরের এই পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু আশপাশের সড়কে তীব্র যানজটের কারণে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনি সমাবেশস্থলে পৌঁছাতে পারেননি।
ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেছেন, আমি এই এলাকার সন্তান। শিশু থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় হয়েছে। কাজেই এ এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ ঢাকা মহানগর দক্ষিণের ৬টি পথসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। এদিকে তারেক রহমানের সমর্থনে ইসিবি চত্বরে পথসভায় অংশ নিতে নেতাকর্মীরা সড়কের দুইপাশে অবস্থান নেন। তারা রঙিন পোশাক, দলীয় প্রতীক সংবলিত টি–শার্ট পরে এবং জাতীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। এতে এলাকাজুড়ে উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ তৈরি হয়।
পথসভা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।









































