রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ন
শেয়ার

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না


manna

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ঢাকা-১৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মান্না উল্লেখ করেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ একটি প্রেক্ষাপটে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি লেখেন, ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় ও বিস্তৃত নির্বাচনী এলাকা, যার আওতায় সাড়ে সাতটি থানা রয়েছে এবং এখানে ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা ও ব্যবস্থাপনা এতটাই ব্যয়বহুল যে, তা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পোস্টে মান্না দুঃখ প্রকাশ করে বলেন, তার এই সিদ্ধান্তে অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন। সবার অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে মান্নার এই সরে দাঁড়ানোর ঘোষণাকে ঘিরে ঢাকা-১৮ আসনে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।