রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার

এপস্টিন নথিতে আরও কিছু আলোচিত নাম


Epstein-files

আলোচিত ও সমালোচিত জেফরি এপস্টিন–সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার ই–মেইল ও নথি প্রকাশের পর বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের বিল গেটসসহ ইউরোপের কূটনীতিক, আইন কর্মকর্তা ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে।

একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা, মানবাধিকারকর্মী নোম চমস্কি, ভারতের শিল্পপতি অনিল আম্বানি ও আধ্যাত্মিক বক্তা দীপক চোপড়ার নামও নথিতে উল্লেখ রয়েছে। খবর বিবিসি।

নথি অনুযায়ী, এপস্টিনের ই–মেইলে এক হাজারের বেশি বার ভ্লাদিমির পুতিনের নাম এসেছে এবং কয়েকটি বার্তায় তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্যোগের কথাও দেখা যায়। তবে পুতিনের সঙ্গে এপস্টিনের কোনো বৈঠক হয়েছিল—এমন প্রমাণ পাওয়া যায়নি। এদিকে দালাই লামার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এপস্টিনের সঙ্গে তাঁর কখনো কোনো সাক্ষাৎ হয়নি এবং কোনো ধরনের সংশ্লিষ্টতাও নেই।

প্রকাশিত নথিতে আরও উঠে এসেছে, নোম চমস্কির সঙ্গে এপস্টিনের নিয়মিত ই–মেইল যোগাযোগ ছিল এবং ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ও বিভিন্ন ব্যক্তিগত বার্তার তথ্য পাওয়া গেছে। একইভাবে লেখক ও আধ্যাত্মিক বক্তা দীপক চোপড়ার সঙ্গেও এপস্টিনের নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে।

এসব তথ্য প্রকাশের পর এপস্টিনকাণ্ডকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।