
ওই প্রশিক্ষণে ইঞ্জিন চালু রেখেই জরুরি অবতরণের অনুশীলন করা হচ্ছিল
দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ার সময় সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন ক্রু সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে দেশটির উত্তরাঞ্চলের গাপইয়ং কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এএইচ-ওয়ানএস মডেলের হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নে ছিল।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং আহত দুই ক্রু সদস্যকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রেখেছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে একটি জরুরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই প্রশিক্ষণে ইঞ্জিন চালু রেখেই জরুরি অবতরণের অনুশীলন করা হচ্ছিল, যা দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।




































