
অংশগ্রহণকারীরা বাজার বিশ্লেষণ, ব্র্যান্ড কৌশল এবং ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন
দ্য বিউটি সায়েন্স-এর উদ্যোগে আয়োজিত স্কিনো বিজনেস ইন্টেলিজেন্স ভলিউম ২” কেস কম্পিটিশনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এফবিএস ম্যানেজমেন্ট ক্লাবে গেলো ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই শেষে সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ছয়টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
ফাইনালে অংশ নেওয়া দলগুলো সৌন্দর্য ও স্কিনকেয়ার শিল্প সংশ্লিষ্ট বাস্তবধর্মী ব্যবসায়িক চ্যালেঞ্জ নিয়ে তাদের বিশ্লেষণ, কৌশলগত পরিকল্পনা এবং উদ্ভাবনী পরিকল্পনা উপস্থাপন করে। বিচারকমণ্ডলীর সামনে অংশগ্রহণকারীরা বাজার বিশ্লেষণ, ব্র্যান্ড কৌশল এবং ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন।
চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন জাটিক লিমিটেডের হেড অব মার্কেটিং ফাহমীদ আনিস, মার্কোপোলো এআই-এর মার্কেটিং ম্যানেজার জুবায়ের ওয়াসিত এবং দ্য বিউটি সায়েন্স-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াস শরিফ নাসিম। তারা কৌশলগত দৃষ্টিভঙ্গি, বাস্তবসম্মত প্রয়োগ, সৃজনশীলতা এবং সমাধানের কার্যকারিতার ভিত্তিতে দলগুলোর উপস্থাপনা মূল্যায়ন করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘I Hate OVCs’ দল, যারা পুরস্কার হিসেবে পায় ২৫ হাজার টাকা। প্রথম রানার আপ হয় দল ‘The Lannisters’, তাদের ঝুলিতে আসে ১৫ হাজার টাকা। দ্বিতীয় রানার আপের স্থান দখল করে দল ‘IRR 44%’, তারা পায় ১০ হাজার টাকা পুরস্কার।
আয়োজকদের মতে, এই কেস কম্পিটিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ ও সমাধানের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্পোরেট জগতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পেয়েছে।











































