শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
শেয়ার

অস্ত্রোপচারের পর বিশ্রামে পরীমনি, আবারও পেছাল জেরা


porimoniসাভারের বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা আবারও পিছিয়ে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে এই জেরা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে পরীমনি উপস্থিত হতে না পারায় আদালত আগামী ৯ আগস্ট নতুন দিন ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার করানোর পর চিকিৎসকের পরামর্শে অভিনেত্রী বর্তমানে বিশ্রামে রয়েছেন। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষ থেকে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন কারণে এই মামলার জেরা একাধিকবার পিছিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সন্তানদের অসুস্থতার কারণে এবং চলতি বছরের মে মাসে আদালতে উপস্থিত হয়েও শুনানির সময় অসুস্থ বোধ করায় জেরা স্থগিত করা হয়েছিল।

২০২১ সালের ৮ জুন সাভারের বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন পরীমনি। ১৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করেন তিনি। পরদিন সাভার মডেল থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমের বিরুদ্ধে মামলা করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ চার্জশিট জমা দেয়। ২০২২ সালের মে মাসে মামলার বিচার শুরু হয় এবং ২৯ নভেম্বর পরীমনির আংশিক জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমানে মামলার আসামিরা জামিনে রয়েছেন।